সারাদেশ

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংসসহ পিকআপ, আটক ৫

  প্রতিনিধি 23 August 2026 , 5:57:43 প্রিন্ট সংস্করণ

জামালপুরে ১৬ বস্তায় ৯০০ কেজি ঘোড়ার মাংস বোঝাই পিকআপসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নরুন্দি থানার ইনচার্জ মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে পিকআপে করে ১৬ বস্তায় ৯০০ কেজি ঘোড়ার মাংস নিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ঘোড়ার মাংস বিক্রেতা টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকড়ি উত্তরপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মো. হুমায়ুন (৪০), ক্রেতা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চরদুবারকান্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আলফাজ (৪২) ও একই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. শহিদ (৩৫)। এছাড়া পিকআপের চালক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাইঞ্চারচর এলাকার রমজান আলীর ছেলে মো. জুয়েল (২৬) এবং হেলপার শরিয়তপুরের জাজিরা উপজেলার আমির হোসেনের ছেলে মো. তাসির মিয়া (২৫)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ঘোড়ার মাংস জামালপুরসহ বিভিন্ন জেলার হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করতেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমান হোসেন অভিযোগের সত্যতা পাওয়ায় ঘোড়ার মাংস বিক্রেতা ও দুই ক্রেতাকে ছয় মাস করে এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাস করে কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচজনকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা ঘোড়ার মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ