আজকের বিশ্ব

সাংবাদিক থেকে পর্নো তারকা, এবার কলম্বিয়ার সিনেটর

  প্রতিনিধি 30 July 2026 , 11:44:54 প্রিন্ট সংস্করণ

  •  একসময় ছিলেন একজন সাংবাদিক। পরে সেই পেশা ছেড়ে প্রাপ্তবয়স্কদের বিনোদন জগতে যোগ দেন। সেখানে জনপ্রিয়তা অর্জনের পর আবারও জীবন বদলে রাজনীতিতে সক্রিয় হন। নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন তিনি কলম্বিয়ার পার্লামেন্টের সিনেটর। এভাবেই আলোচনায় উঠে এসেছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বামপন্থী রাজনীতিক দেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজ।
  • কলম্বিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রাজধানী বোগোতায় স্থানীয় সময় গত সোমবার বামপন্থী রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়া এর মনোনীত প্রার্থী হিসেবে সিনেটর পদে শপথ নিয়েছেন ৩৩ বছর বয়সী দেইসি।

সাংবাদিকতা ছেড়ে ২০১৭ সালে তিনি প্রাপ্তবয়স্কদের বিনোদন জগতে প্রবেশ করেন। সেখানে ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিতি পান। প্রায় দুই বছর পর সেই অঙ্গন ছেড়ে রাজনীতিতে যোগ দেন এবং পুরোপুরি রাজনৈতিক কর্মকাণ্ডে মনোনিবেশ করেন।

গত মার্চে কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হন দেইসি। সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর তিনি জানান, প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কর্মরত ব্যক্তিদের কোম্পানি ও এজেন্সির শোষণ থেকে রক্ষায় আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন।

সিনেটর পদে নির্বাচনী প্রচারণার সময় প্রকাশিত এক ভিডিওতে দেইসি বলেছিলেন, ‘ভুয়া তথ্য, কুসংস্কার ও দ্বিচারিতার কারণে রাষ্ট্র এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত নারীদের সুরক্ষা দেয়নি। কেউই এ শিল্পকে নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেয়নি।’

রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। সমালোচকদের একাংশের দাবি ছিল, পর্নো জগত ছেড়ে আসা কারও নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয়। তবে দেইসি সেই সমালোচনা প্রত্যাখ্যান করেন।

তিনি প্রশ্ন তোলেন, প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কাজ করা নারীরা কেন জনগণের ভোটে নির্বাচিত কোনো পদে যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না?

বর্তমানে বামপন্থী সিনেটর হিসেবে দেইসি মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যৌন নির্যাতন প্রতিরোধ এবং প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কর্মরত ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ