প্রতিনিধি 20 August 2026 , 4:34:17 প্রিন্ট সংস্করণ
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের আহত সেনাসদস্যের সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের যুদ্ধাহতদের তথ্যভান্ডারের সর্বশেষ হিসাবে এ পর্যন্ত ১৮ জন সেনাসদস্য নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।

বুধবার প্রতিরক্ষা দপ্তরের তথ্যভান্ডার হালনাগাদ করা হয়। এতে আরও ৫০ জনের বেশি আহত সেনাসদস্যের তথ্য যুক্ত করা হয়েছে। এমন সময়ে নতুন এ তথ্য প্রকাশ করা হলো, যখন যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটনের আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে।
গত মাসে যুদ্ধাহত বিশ্লেষণ ব্যবস্থায় ‘বিদেশে অভিযান’ নামে একটি বিভাগ যুক্ত করে প্রতিরক্ষা দপ্তর। সেখানে গত ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাসদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে এই হতাহতের ঘটনা কোন সংঘাতে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য দেয়নি পেন্টাগন।
৭ জুলাইয়ের তারিখটি এমন এক সময়ের সঙ্গে মিলে যায়, যেদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধক্ষমতা আইনের আওতায় কংগ্রেসকে জানায়, ইরানের সঙ্গে নতুন একটি সংঘাত শুরু হয়েছে। এ বিষয়ে আরও ব্যাখ্যা জানতে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।
এর আগে ইরানি হামলা অব্যাহত থাকার মধ্যেই প্রতিরক্ষা দপ্তরের তথ্যভান্ডারে নিহত ও আহত সেনাসদস্যের সংখ্যা কমে যাওয়ায় গণমাধ্যম ও আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়ে পেন্টাগন। গত মাসে চারজনের মৃত্যুর তথ্য এবং কয়েক ডজন আহতের তথ্য তালিকা থেকে বাদ পড়লেও পরে তা আবার যুক্ত করা হয়।
সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা দপ্তর জানায়, ‘সাময়িক তথ্যগত বিঘ্নের’ কারণে সংখ্যায় এ পরিবর্তন হয়েছিল।
এর আগে সিএনএন জানিয়েছিল, ইরানের সঙ্গে চলমান সংঘাতে আহত সেনাসদস্যদের তথ্য প্রকাশে ধীরগতির অভিযোগ রয়েছে পেন্টাগনের বিরুদ্ধে। নিরাপত্তাজনিত প্রয়োজনের কথা উল্লেখ করে এ বিষয়ে কর্মকর্তারা সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন।
এদিকে বুধবার ট্রাম্প দাবি করেছেন, ইরান পরিস্থিতি বর্তমানে ‘খুব ভালো’। যদিও তিনি তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থগিত রেখেছেন। চলমান যুদ্ধে হরমুজ প্রণালি এখনো দুই পক্ষের মধ্যে উত্তেজনার অন্যতম প্রধান বিষয় হয়ে রয়েছে।

















